সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রবিবার বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে নাটোরে মিছিলে হামলা চালায় দুর্বৃত্তরা। পঞ্চগড়ে পুলিশের বাধায় দলীয় কার্যালয়ের ফটকে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো খবর :
নাটোর : বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ আবুল ব্যাপারী, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন ও যুবদল নেতা রনি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বেলা ১১টায় শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীর ভেতরে বিক্ষোভ সমাবেশ শুরু করলে ৮ থেকে ১০ জন তরুণ লাঠিসোঁটা ও ইটপাটকল নিয়ে হামলা করে। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পঞ্চগড় : সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা কার্যালয়ে এসে সমবেত হন। পরে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
গাজীপুর : সকালে জেলা শহরের রাজবাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল। জেলা বিএনপি নেতা শাহজাহান ফকিরের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা প্রমুখ।
ঝিনাইদহ : সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি আহ্বায়ক এস এম মশিউর রহমানসহ এম এ মজিদ, জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।