হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় দলীয় পদ থেকে বহিষ্কার হয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। একই সঙ্গে দলে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।
গত শনিবার রাত আটটার দিকে জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার প্রসঙ্গে মিজানুর রহমান মিজান দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৯ সালে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আমাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু পৌর আওয়ামী লীগের নেতা নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মর্তুজ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ কামরুল হাসান ‘বিদ্রোহী’ হয়ে নির্বাচন করেছেন।
শত প্রতিকূলতার মধ্যেও আমি নির্বাচিত হয়েছি। কিন্তু ওই সময়ে দল থেকে কোনো বিদ্রোহী প্রার্র্থীকে বহিষ্কার করা হয়নি। বহিষ্কারাদেশ দিয়ে আমার প্রতি অবিচার করা হয়েছে।’