গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এর নিচে চাপা পড়ে দুই নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরতকিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই উপজেলার বক্তারপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার (৩০) এবং টাঙ্গাইল সদরের নরসিনপুর এলাকার আব্দুল্লাহর স্ত্রী জোবেদা (৩৫)। তারা দু’জনই স্থানীয় মাহমুদ জিন্স কারখানার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি শেষে বাসায় ফেরার জন্য বের হন আয়েশা ও জোবেদা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরতকিতলা নামক স্থানে গাজীপুরগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপর উঠে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ময়নাতদন্তের পর লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ছাড়া একই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় দুজন ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
পাবনার ঘটনায় স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে একটি লোভেট গাড়ি (ভেকু জাতীয়) দাশুড়িয়ায় পাবনা সুগার মিলের সামনের সড়কে মেরামতের জন্য দাঁড় করানো হয়েছিল। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, পাবনার কুঠিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন রঞ্জু ও একই এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে জাহাঙ্গীর।
এদিকে চুয়াডাঙ্গার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গার খাদিমপুরে মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সাইফুল মোল্লা (৩৭) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার সময় খাদিমপুর বাজারে নিজের দোকানে আসার জন্য রাস্তা পার হচ্ছিলেন সাইফুল। এ সময় কয়রাডাঙ্গাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।