সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সরকারপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে সভাপতি এবং অ্যাডভোকেট মো. আব্দুল আলিম মিয়া জুয়েলকে সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে মনোনয়ন বোর্ড।
সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে আগামী ১১ ও ১২ মার্চ ভোটগ্রহণ হতে পারে। সে লক্ষ্যে সরকারপন্থি আইনজীবীদের প্যানেল চূড়ান্ত করতে গত শনিবার রাতে রাজধানীর বাংলা মোটরস্থ বাংলাদেশ বার কাউন্সিল অফিসে মনোনয়ন বোর্ডের সভা হয়। সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে সহসভাপতির দুটি পদে অ্যাডভোকেট মুহাম্মদ শফিক উল্লাহ, অ্যাডভোকেট মো. আলী আজম, কোষাধ্যক্ষ পদে ড. মো. ইকবাল করিম, সহসম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও অ্যাডভোকেট নুরে আলম উজ্জ্বলসহ সাতজন সদস্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়।