বক্তৃতা দিতে দিতে লুটিয়ে পড়লেন মঞ্চে

বক্তৃতা দেওয়ার সময় সংজ্ঞা হারালেন ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। একপর্যায়ে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি।

রবিবার ভদোদরা জেলার নিজামপুরে একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এই সময় জানায়, বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান রূপানি। তার নিরাপত্তারক্ষী এবং উপস্থিত বিজেপি নেতারা দ্রুত তার কাছে পৌঁছালেও মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। যদিও কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। আগামী ২১ ফেব্রুয়ারি গুজরাটে পৌরসভা ভোট। তার আগে তিনটি জনসভায় অংশগ্রহণ করার কথা ছিল তার।

রবিবার তারসালি এবং কারেলিবাগের পর নিজামপুরার মঞ্চে বক্তব্য রাখার কথা ছিল তার। আর ওই মঞ্চেই এ ঘটনা ঘটে।

মুখ্যমন্ত্রী সুস্থ আছেন বলেই আশ্বস্ত করেছেন ওই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল।

তিনি বলেন, ‘অত্যধিক ক্লান্তির কারণেই মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি সুস্থ রয়েছেন।’