‘ভোট ডাকাতির নির্বাচন করে গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বিএনপি’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ফেব্রুয়ারি ভোট ডাকাতির নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে।

‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৫ ফেব্রুয়ারি ভোট ডাকাতির নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে।

তিনি বলেন, ’৯৬ সালের এই দিনে ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রহসন। প্রহসনের সেই নির্বাচন দেশের নির্বাচনী ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।

বিএনপি দিনের আলোয় রাতের আঁধার দেখতে পায়, তাই তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় ভুল শুধরে আগামীর নবতর পথযাত্রায় এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন, দলের ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরও ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ইঞ্জিন হচ্ছে ঢাকা মহানগর। এই ইঞ্জিনকে সচল রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের তৃণমূল থেকে থানা পর্যায়ের সব কমিটি সম্মেলনের মাধ্যমে করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ঘরে বসে কোনো কমিটি করা যাবে না।