নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভূমিহীনদের জায়গায় বেড়িবাঁধ নির্মাণের ক্ষতিপূরণ ও ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীন নারী-পুরুষ।
সোমবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে হাতিয়ার চানন্দী ইউনিয়নের কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় তারা জানান, ২০১৭ সালের দিকে নলেরচর, কেয়ারিং চর ও চরনঙ্গলিয়ায় ভূমিহীনদের উচ্ছেদ করে একটি বেড়িবাঁধ করে সিডিএসপি। কথা ছিল পার্শ্ববর্তী মৌজার মূল্য অনুপাতে তিনগুণ বেশি দাম দেয়া হবে। কিন্তু দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও সিডিএসপি কোনো ক্ষতিপূরণ দেয়নি।
ভূমিহীনরা আরও বলেন, একদিকে নদী ভাঙনের শিকার হয়ে তারা বাস্তুচ্যুত হচ্ছে অন্যদিকে তাদের মালিকানাধীন জমির ওপর দিয়ে বেড়িবাঁধ করে পুনরায় তাদের বাস্তুচ্যুত করা হয়েছে।
তারা জমির ক্ষতিপূরণ ও দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান।