মাদারীপুরে হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড

মাদারীপুর ইজিবাইক চালক হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- মাদারীপুর রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের মো. কুদ্দুস বেপারীর ছেলে জনি বেপারী (২৫) ও শরীফুল বেপারী (২৩)।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাত ৯টার দিকে সুলতান বেপারীর ইজিবাইকে যাত্রীবেশে মামলার আসামি জনি বেপারী, শরীফুল বেপারী, শাওন জমাদ্দার ও সাব্বির হাওলাদার ওঠেন।

পরবর্তীতে রাত পৌনে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার আশাপাট গ্রাম হতে কালীরবাজার যাওয়ার সময় পথে নৃশংসভাবে সুলতান বেপারীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আসামিরা জনতার হাতে ধরা পড়ে।

সুলতান বেপারীর হত্যার ঘটনায় নিহতের স্ত্রী হাফিজা বেগম মাদারীপুর সদর থানায় ২০১৮ সালের ৩০ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্তের পর চারজন আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় অভিযোগপত্র দাখিল করেন।

নিহতের স্ত্রী হাফিজা বেগম জানান, আমরা মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি। তবে তারা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।

মাদারীপুর পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং জানান, ২০১৮ সালের চাঞ্চল্যকর ইজিবাইক চালক সুলতান বেপারীর হত্যা মামলায় দায়রা জজের বিচারক মামলার চারজন আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক দুইজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

এছাড়া মামলার অপর দুইজন আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচার প্রক্রিয়া শিশু আদালতে প্রক্রিয়াধীন রয়েছে।

মামলার রায়ে আমরা সন্তুষ্ট এবং উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে বলে আমরা আশা করছি।