বিএনপি নেতিবাচক এবং দেশের জন্য অকল্যাণকর একটি দল: মন্ত্রী

বিএনপি আসলে সব সময় একটু নেতিবাচক দল। যদি কোন রকম কিছু মন্তব্য করতে না পারে, তাহলে মনে হয় যেন তাদের রাজনীতি করার মতো আর কোন সুযোগ নেই। তারা নেতিবাচক কথাবার্তা বলা, যেখানেই উন্নয়ন সেটাকে বাঁধা দেওয়া, দেখানে এগিয়ে যাওয়া সেটাকে কোনোভাবে মানুষের কাছে কলুষিত করাই শুধুমাত্র বিএনপির রাজনীতি।

‘অন্তত একটা সুবিধা হয়েছে যে দীর্ঘদিনে বিএনপি সম্বন্ধে মানুষ জানতে পেরেছে বিএনপি একটি অকল্যাণকর দল’- বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

সোমবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় ঢাকা ওয়াসার বাস্তবায়িত ওয়েলফিন্ড প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, সারা পৃথিবীতেই নির্বাচন আসলে একটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। কখনো কখনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। এগুলোর প্রতি আমাদের সর্বদা নজর যেমনি আছে, আমার দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচন কমিশন এখানে সম্পূর্ণ দায়িত্ব পালন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাই মিলে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন, ওয়াসার এমডি তাসকিন আহমেদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।