দিনাজপুরের হাকিমপুরে জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তেমন কিছু নিতে না পারলেও বেশ কাগজপত্র তছনছ ও অল্প কিছু অর্থ নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এদিকে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার ভোররাতের দিকে এই ঘটনা ঘটে। এ সময় তারা হাসপাতালের অফিসকক্ষ, ল্যাব, পরিসংখ্যানসহ মোট ৬টি রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভেতরে রাখা কেবিনেট ও আলমারি ভেঙে সব কাগজপত্র তছনছ করে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফি শিকদার বলেন, সকালে অফিস খুলতে গিয়ে তালা ভাঙা দেখে অফিস সহকারী আমাকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি অফিসের পেছনের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছে, অফিসকক্ষসহ ওই কমপাউন্ডের মধ্যে থাকা মোট ৬টি কক্ষের তালা ভেঙে ভেতরে রাখা কেবিনেট ও আলমারি ভেঙে সব কাগজপত্র তছনছ করেছে। দুর্বৃত্তরা কিছু নিয়ে গেছে এমন কিছু দেখতে পাইনি, তবে কাগজপত্রগুলি তছনছ করেছে তাতে করে কোন কাগজপত্র তারা নিয়ে গেছে কিনা বুঝতে পারছি না। সেই সঙ্গে অল্প কিছু সংখ্যক টাকা পাওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে যেতে পারে তারা। স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে, তারা ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।