চট্টগ্রামে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৬ কিশোরসহ ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে নগরীর চান্দগাঁও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৬ জন কিশোর এবং বাকি চারজন হলেন- আহসান আহম্মেদ, মো. পারভেজ, জাহেদ উল্লাহ ও মো. আরমান। এদের বয়সও ১৮-২০ বয়সী। কিশোরদের পরিচয় প্রকাশ করা হয়নি।
চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাকলিয়া এলাকার এক ব্যাংক কর্মকর্তা গত ১১ ফেব্রুয়ারি পাঁচলাইশ থেকে লোকাল সিএনজি করে বহদ্দারহাটে যাওয়ার জন্য ওঠেন। কিন্তু শুলকবহর পৌঁছালে সিএনজিটি ফ্লাইওভারে ওঠার চেষ্টা করলে ওই ব্যাংক কর্মকর্তা চালককে বাধা দেয়। সেখানে তার পাশে থাকা দুই যুবক ছুরির ভয় দেখিয়ে তাকে সিঅ্যান্ডবি এলাকায় একটি পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে মেয়েদের সঙ্গে ওই লোকের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং খুন করার হুমকিও দেয়। পরে ওই ব্যাংক কর্মকর্তা তার ছেলে ও ভাতিজার বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা দেয়।
ওসি আরও বলেন, ৩৫ হাজার টাকা দেয়ার পর তাকে ওই পরিত্যক্ত ভবনটি থেকে নামিয়ে সিএনজিতে তুলে দেয় অপহরণকারীরা। ঘটনার তিন দিন পর রবিবার ওই ব্যাংক কর্মকর্তা অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় দুটি ছুরি। এই চক্রটির অন্যান্য সদস্যদের ও গ্রেপ্তারে অভিযান চলছে।