ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দল ও ক্রিকেটারদের নানা সমালোচনা চলছে। তবে সাকিব আল হাসান সতীর্থদের সব দায় দিতে চান না। তার কথায়, ক্রিকেটে জয়-পরাজয় আছেই। সব খেলাতেই আছে।
টেস্ট মর্যাদা পাওয়ার ২০ বছরে দেশের ক্রিকেট কত দূর এগিয়েছে এ নিয়েও উঠছে প্রশ্ন। সাকিব এ ক্ষেত্রে শুধু ক্রিকেটারদের দায় দেখেন না। প্রসঙ্গক্রমে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘দায়িত্ব আপনাদেরও আছে।’
সোমবার একটি অনুষ্ঠানে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেন সাকিব। বাংলাদেশের ক্রিকেটারদের নানা ভুল নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, সমালোচনা চলছে, তখন সাকিবের কথা ভিন্ন।
বলছেন, ‘ক্রিকেটে কোনো সিদ্ধান্তই ভুল বা ঠিক সিদ্ধান্ত হয় না। প্রতিটা সিদ্ধান্তই সব খেলোয়াড়, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট সবাই মিলে নেন। জেতার কথা ভেবেই। যখন এটা ঠিক হয় না তখন আপনারা প্রশ্নটা করেন। অনেক সময় ঠিক হলেও জিনিসটা ভুল হতে পারে। সেটা আপনারা বুঝতেও পারেন না।’
ঊরুর চোটে সাকিব ঢাকা টেস্টে ছিলেন না। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন চোট পান। পরের তিন দিনই তাকে দর্শক হয়ে থাকতে হয়।
ক্রিকেটারদের সমালোচনা নিয়ে বলতে গিয়ে সাকিব আরো বলেন, ‘জিতে গেলেই আপনারা এই প্রশ্নগুলো করতেন না। কিন্তু তখনো আপনাদের কাজটা ছিল প্রশ্ন করার। সেখানে আপনাদেরও অনেক বড় দায়িত্ব আছে, আপনারা কি করবেন না করবেন, আপনারা কীভাবে সাংবাদিকতা করবেন। দায়িত্ব আপনাদেরও আছে।’
বাংলাদেশ দল এখান থেকে ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস সাকিবের, ‘এর আগেও এ রকম পরিস্থিতি এসেছে। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আবার দু-একটা ভালো ফলই সবকিছুর প্রেক্ষাপট বদলে দিতে পারে।’
যোগ করেন, ‘কাল যদি ১৭ রান আমরা বেশি করতাম, এখন এই সব কথাগুলা হতো না।’
আরো পড়ুন