সাংবাদিকদের তাজুল

বিএনপি দেশের অকল্যাণকর একটি দল

বিএনপি সবসময় একটু নেতিবাচক ও অকল্যাণকর দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘বিএনপি যদি কোনো কিছু নিয়ে মন্তব্য করতে না পারে, তাহলে তাদের কাছে মনে হয় যেন রাজনীতি করার মতো আর কোনো সুযোগ নেই তাদের।’

গতকাল সোমবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় ঢাকা ওয়াসার ওয়েলফিন্ড নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘বিএনপির রাজনীতি মানেই শুধু নেতিবাচক কথাবার্তা বলা, যেখানেই উন্নয়ন সেটাকে বাধা দেওয়া, যেটাতেই এগিয়ে যাওয়া সেটাকে কোনোভাবে মানুষের কাছে কলুষিত করা। তবে এর মাধ্যমে অন্তত একটা সুবিধা হয়েছে দীর্ঘদিনে বিএনপি সম্বন্ধে মানুষ জানতে পেরেছে বিএনপি একটি অকল্যাণকর দল।’

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ‘সারা পৃথিবীতেই নির্বাচন এলে একটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। কখনো কখনো দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন আন্তরিকভাবে চেষ্টা করছে এই দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ন্ত্রণের। অপ্রীতিকর ঘটনা নিয়ে আমাদেরও সার্বক্ষণিক নজর রয়েছে।’