মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বিএনপি। আগামী মার্চ মাস থেকে এ কর্মসূচি শুরু হবে।
সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা জানান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর্মসূচিতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
কর্মসূচির মধ্যে থাকবে– রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ভ্রাম্যমাণ প্রদর্শনী, চিত্রনাট্য ও পথনাটক প্রদর্শনী। এর মাধ্যমে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকারের সফলতা, তাদের দর্শন তুলে ধরা হবে। এ ছাড়া বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ নিয়ে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহ চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল। তাই এখানকার মুক্তিযুদ্ধপূর্ব ও যুদ্ধকালীন ইতিহাস অবিস্মরণীয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে নীরব ছিলেন না, এ দেশের সেনাবাহিনীকে সংগঠিত করে তিনি পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। সুবর্ণজয়ন্তীর কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের নানা অপবাদ মোকাবিলা এবং প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে বিএনপিকে তরুণ প্রজন্মের কাছে নতুন করে পরিচিত করানোর সুযোগ নিতে চাই। এ উপলক্ষে এরই মধ্যে বছরব্যাপী নানা কর্মসূচির খসড়া তৈরি করেছে সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।