বিশ্ববিদ্যালয় ছাত্রকে বিআরটিসি কর্মীর ছুরিকাঘাত, ছাত্রীকে লাঞ্ছনা: সড়ক অবরোধ

বরিশাল নগরীর রূপাতলী বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রকে ছুরিকাঘাত ও এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ ও অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় যাত্রাপথে যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সাধারণ যাত্রীরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিক্ষোভে অংশ নেয়। 

শিক্ষার্থীরা জানান, দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি ফিরতে বিআরটিসি বাস কাউন্টারে যাযন। সেখানে রফিক নামের বাস স্টাফের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। এ ছাড়া ফারজানাকে লাঞ্ছিত করা হয়। এ সংবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলে হাজির হযন। দুপুর ২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে তারা। হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ করে।

এ ব্যাপারে ববি’র সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করছেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, অভিযুক্ত  রফিককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা পর বি‌কেল পৌ‌নে ৪টার দি‌কে সড়ক অবরোধ তু‌লে নেন।