ভোট ডাকাতির নির্বাচনের জন্য সিইসি ইতিহাসে অমর হয়ে থাকবে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘অভিনব সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ইতিহাসে অমর হয়ে থাকবেন।

তিনি বলেন, ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়ার অবিচারের কাহিনির প্রধান খলনায়ক কে এম নুরুল হুদা সুষ্ঠু নির্বাচনকে লাশ বানিয়ে কফিনে পেরেক মেরে দিয়েছেন।

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

রিজভী বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছেন। তিনি নিজেই বলেছেন, নির্বাচন ব্যবস্থা এখন গভীর খাদের কিনারে। বিবেকের যন্ত্রণায় ভুগতে ভুগতে এখন পদত্যাগের কথা বলেছেন।

তিনি বলেন, সিইসিসহ ইসির সদস্যরা অনাচার-দুর্নীতি-অপকর্মের সঙ্গে জড়িত। তাদের অপকর্মের তথ্য সব ভালোভাবেই সংরক্ষিত আছে। বাংলার মাটিতে তাদের একদিন বিচার হবেই।

তিনি বলেন, অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থসিদ্ধির জন্য অত্যন্ত নিপুণ হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে ইসি। প্রার্থিতা বাতিল করার ক্ষমতা ইসির কাছে ছিল। কিন্তু সিইসি সেই ক্ষমতা সরকারের কাছে হস্তান্তর করতে চেয়েছিলেন। এখন প্রধানমন্ত্রীর বাছাই করা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করছে ইসি।

রিজভী বলেন, গত রবিবার দেশব্যাপী চতুর্থ দফায় ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগের ধাপের নির্বাচনগুলোর মতোই এসব নির্বাচনও ছিল আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দখলে। মাদারীপুরের কালকিনীতে একজনকে পিটিয়ে হত্যা এবং চট্টগ্রামের পটিয়ায় আরেকজনকে হত্যা ও চারজনকে আহত করার ঘটনা এটি আওয়ামী সহিংস নির্বাচনের ধারাবাহিকতার আরেকটি দৃষ্টান্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির, মৎস্যজীবী দলের আব্দুর রহিম প্রমুখ।