ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শওকত হোসেন ও আসাদ হোসেন জুম্মানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইপক্ষের অন্তত ১৬ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে মো. আবিদ, মাইনুল, সোহাগ, মাসুম, সাবিদ, সূচনা, মনির, মো. মহসিন, বজলু হাওলাদার, উজ্জ্বল, দিপু ও মানছুরের নাম জানা গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে চর নোয়াবাদ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন জানান, সকাল থেকে আমার সমর্থনকারীরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আমার জন্য ভোট চাইছিলেন। ওই সময় আসাদ হোসেন জুম্মানের সমর্থকরা আমার সমর্থকদের উসকানিমূলক কথা বলে সংঘর্ষ বাধায়। পরে আমার বাড়িঘরে হামলা চালায়। এতে আমার ১৫ সমর্থক আহত হন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আসাদ হোসেন জুম্মান জানান, শওকত হোসেনের নেতৃত্বে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। এ সময় আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ২০-৩০ জন সমর্থক আহত হন। এদের মধ্যে অনেকে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, আমরা সেখানে পুলিশের টহল রেখেছি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।