আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৭৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবরে সকালে পুষ্প অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।
বরেণ্য এই পরমাণুবিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
৬৭ বছর বয়সে তিনি ২০০৯ সালের ৯ মে ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে তার জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামে এবং রংপুর মহানগরীতে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ (ডিডব্লিউএসএস), ড. ওয়াজেদ ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড. ওয়াজেদ মিয়ার পরিবার, রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনগুলো কবরে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহ পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণ এবং স্মৃতিচারণমূলক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।