মোহাম্মদপুরে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় শুভ সরকার (২৬) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ করেছে স্বজনেরা। 

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সোমবার গভীর রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ গলিতে ওই হত্যাকান্ড ঘটে। 

শুভ সরকার পরিবারের সদস্যদের নিয়ে জাফরাবাদ এলাকাতে থাকতেন। একটি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন তিনি। করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চে তিনি চাকরি হারান। 

পুলিশ জানায়, শুভ মাদকাসক্ত ছিলেন। তার বন্ধুদের কেউ এই ঘটনা ঘটাতে পারে।  

স্বজনেরা জানান, সোমবার রাতে কে বা কারা শুভকে বাসা থেকে ডেকে নেয়। তখন শুভ তার মাকে জানায়, ১০ মিনিটের মধ্যেই বাসায় ফিরবেন। এর কিছুক্ষণ পরই আর্তনাদ করে সে ফোনে মাকে জানান, আম্মা আমি কমিউনিটি সেন্টার গলিতে, আমাকে বাঁচাও। পরে স্বজনেরা সেখানে ছুটে যান। এর আগেই তাকে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

শুভর খালাতো ভাই বেলাল হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দারা জানান, শুভকে ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাকে কারা ডেকে নিয়েছিল বা কেনো তাকে হত্যা করা হয়েছে-সে বিষয়ে ধারনা দিতে পারেননি বেলাল হোসেন।  

তিনি জানান, মরিয়ম নামের সাত মাসের এক মেয়ে ও স্ত্রী তানিয়া আক্তারকে নিয়ে শুভ জাফরাবাদের বাসায় থাকতেন। তার বাবা গোলাপ সরকার বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়িচালক।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক পবিত্র কুমার মণ্ডল জানান, শুভ মাদকসেবী ছিলেন। তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, শুভ যাদের সঙ্গে চলাফেরা করতেন, তারাই তাকে খুন করতে পারে। তার কয়েক বন্ধুকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।