বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘অভিনব সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ইতিহাসে অমর হয়ে থাকবেন। ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অবিচারের কাহিনির প্রধান খলনায়ক কে এম নুরুল হুদা সুষ্ঠু নির্বাচনকে লাশ বানিয়ে কফিনে পেরেক মেরে দিয়েছেন।’ গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছেন। তিনি নিজেই বলেছেন, নির্বাচন ব্যবস্থা এখন গভীর খাদের কিনারে। বিবেকের যন্ত্রণায় ভুগতে ভুগতে এখন পদত্যাগের কথা বলেছেন। সিইসিসহ ইসির সদস্যরা অনাচার-দুর্নীতি-অপকর্মের সঙ্গে জড়িত। তাদের অপকর্মের তথ্য সব ভালোভাবেই সংরক্ষিত আছে। বাংলার মাটিতে তাদের একদিন বিচার হবেই।’
রিজভী বলেন, ‘গত রবিবার দেশব্যাপী চতুর্থ দফায় ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগের ধাপের নির্বাচনগুলোর মতোই এসব নির্বাচনও ছিল আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দখলে।’