শনিরআখড়ায় ৩ জনকে হত্যাচেষ্টা ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীর কদমতলীর পূর্ব শনিরআখড়ায় মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জাহাঙ্গীর আলম ওরফে পরান (৪২) নামে একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান। তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি শনিরআখড়ায় একটি বাড়িতে ঢুকে রুহুল কুদ্দুস বাবু, ইয়াসমিন আক্তার ও তার মেয়ে মাহমুদা মেহেরিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পরান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করেন বাবুর বড় বোন বিউটি বেগম। গত সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকা থেকে পরানকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, রাজধানীর শনিরআখড়া এলাকায় ৭-৮ বছর আগে একই রুমে থাকতেন আহত রুহুল কুদ্দুস বাবু ও জাহাঙ্গীর আলম ওরফে পরান। ওই সময় পাশের ফ্ল্যাটের মো. মাসুদ কিবরিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তারকে উত্ত্যক্ত করত পরান। এতে বাধা দেন রুহুল কুদ্দুস বাবু। আর এই কারণে পরানকে ওই বাড়ি থেকে বের করে দেন বাড়ির মালিক। এর জের ধরে পরান রবিবার সন্ধ্যায় হামলা চালায়। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।