করোনাকালীন সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতন পরিশোধে পোশাক মালিকদের দেওয়া ঋণ পরিশোধে ছয় মাস সময় বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে পোশাক সংগঠনের নেতারা দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তারা বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাণিজ্যমন্ত্রী ও বিজিএমইএ'র সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনশী, বিজিএমইএ'র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমইএর সহসভাপতি ও সম্মিলিত পরিষদের নেতা আবদুল মান্নান কচি।
বৈঠকের বিষয়ে শফিউল ইসলাম মহিউদ্দিন দেশ রূপান্তরকে জানান, আমরা প্রধানমন্ত্রীকে আমাদের বাস্তব অবস্থা জানিয়েছি। করোনায় প্রণোদনা দেওয়ার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। আমরা বলেছি প্রধানমন্ত্রীর সহায়তায় সংকট মোকাবিলায় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। কিন্তু এখনো সব পোশাক কারখানা সংকট সামলে উঠতে পারেনি। তাদের আরো কিছুটা সময় লাগবে। শ্রমিকদের বেতন পরিশোধের পর ঋণ পরিশোধে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে। সে জন্য আমরা বাড়তি ছয় মাস সময় চেয়েছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন।
বিজিএমইএ নির্বাচনে সভাপতি প্রার্থী ফারুক হাসান বলেন, প্রধানমন্ত্রী আমাদের সমস্যা বুঝতে পেরেছেন। তিনি আশ্বাস দিয়েছেন সময়ে বাড়ানোর। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
মার্চে বাংলাদেশে করোনার সংকট দেখা দিলে শ্রমিকদের বেতন পরিষদের জন্য ২ শতাংশ সুদে এপ্রিল-জুন মাসের এবং ৪ শতাংশ সুদে জুলাই মাসের বেতন পরিশোধ করা হয়। প্রায় ১০ হাজার কোটি টাকা সরাসরি শ্রমিকদের ব্যাংক/মোবাইল ব্যাংকে প্রদান করে বাণিজ্যিক ব্যাংক।
এদিকে, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে 'বিজিএমইএ'র অগ্রযাত্রায় সম্মিলিত পরিষদ' শীর্ষক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা কাউকে ছোট করে দেখব না। নির্বাচনে সবাই আসতে পারে। তবে শিল্পের স্বার্থে সম্মিলিত পরিষদের যোগ্য প্রার্থী ফারুক হাসানকে আমরা চাই। এ কথা শুধু আমার একার নয়, পুরো শিল্প সংশ্লিষ্টরা তাকে চায়। এ বৃক্ষটি (ফারুক) আমরা অনেক বছর ধরে চিনে আসছি, ফলে এর পরিচয় আসবে।
প্যানেল লিডার ফারুক হাসান বলেন, আমি বিজয়ী হলে এ সেক্টরের জন্য,আপনাদের জন্য, দেশের জন্য আগামী ২ বছর নিজেকে উৎসর্গ করবো। মেনুফেস্টো তৈরির জন্য আমাদের কাজ চলমান আছে, যা শিল্পে সফলতা বয়ে আনবে। দেশের পোশাক শিল্পকে ব্যান্ডিং করাই হবে আমার বড় কাজ।
বিজিএমইএ'র সাবেক সভাপতি ও ফুটবলার আব্দুস সালাম মুর্শিদীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামসহ বিজিএমইএর নেতারা। তারা সবাই শিল্পের স্বার্থে আগামী ৪ এপ্রিল বিজিএমইএর নির্বাচনে ফারুক হাসানকে ভোট দেওয়ার অনুরোধ জানান। আন্তর্জাতিক অ্যাপারেলস ফেডারেশনের পরিচালক ফজলে শামীম এহসানসহ বিজিএমইএর সাধারণ সদস্যরা এতে অংশ নেন।