১৫ আগস্ট হত্যাকান্ড

জিয়াউর রহমান বেনিফিশিয়ারি হয়েছেন : খালিদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘১৫ আগস্ট হত্যাকান্ডে জিয়াউর রহমান বেনিফিশিয়ারি। পঁচাত্তর-পরবর্তী সময়ে তিনি জাতির পিতার খুনিদের লালন-পালন করেছেন। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার যাতে না হয়; সে ইনডেমনিটি অধ্যাদেশটি আইনে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু খুনিদের সংসদে এনেছেন । এরশাদ, খালেদা জিয়াও সে পথে চলেছেন।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত ‘মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জিয়ার শাসনামলে হাইকোর্ট-সুপ্রিমকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে। পঞ্চম সংশোধনী অবৈধ হওয়ায় জিয়ার শাসনামল অবৈধ। তার সকল কার্যক্রম ও কর্মকান্ড রাষ্ট্রবিরোধী। তিনি অবৈধ কার্যক্রম পরিচালনা করেছেন। মুক্তিযুদ্ধবিরোধীদের লালন করেছেন। জিয়ার মুক্তিযুদ্ধের খেতাব রাখতে দেওয়া যায় না। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্র্তৃক জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রস্তাবটি যথার্থ। বাংলার মানুষ সুযোগ পেলে অনেক আগেই সেটি বাতিল করত।