বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যারা জড়িত তাদের কেউ আইনের বাইরে যেতে পারবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
তিনি বলেছেন, ‘কমিশন গঠন করে জিয়া, মোশতাক শুধু নয় যারা জাতীয়, আন্তর্জাতিকভাবে জড়িত ছিলো তাদের চিহ্নিত করে বিচার করা জাতির নৈতিক দাবি। আমরা সেই নৈতিক দায়িত্ব পালনে কখনও পিছপা হবো না।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘ড. এম এ ওয়াজেদ মিয়া, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশের বরেণ্য বিজ্ঞানী ছিলেন উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, বঙ্গবন্ধু হত্যার সময় ওয়াজেদ মিয়া যখন বিদেশে ছিলেন তাকে দেখার জন্য সে সময় বঙ্গবন্ধু কন্যা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা) সেখানে গিয়েছিলেন, সেজন্যই তারা দুইবোন জানে বেঁচে গিয়েছিল। সেই বিদেশ জীবনে তিনি একজন বিজ্ঞানী হিসেবে অনেক কষ্ট করেছেন, এ দেশে আসতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে বিজ্ঞানীদের যে অবদান সেখানে ওয়াজেদ মিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর সে অবদান স্মরণীয় করে রাখতে তার নামে দেশে আমাদের কিছু প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন বলেও জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী।
সভায় সংগঠনটির সভাপতি লায়ন মো গণি মিয়া বাবুলের সভাপতিত্বে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন