কুমিল্লা ট্রমা সেন্টারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লা ট্রমা সেন্টারে ভুল চিকিৎসায় মোবারক হোসেন (৫৫) নামে এক রোগীর মারা যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টায় এই ঘটনা ঘটে।

রোগীর মৃত্যুর পর হাসপাতালের ডাক্তার, নার্সসহ কর্মরত সব স্টাফ হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে নিহত মোবারক হোসেনের স্বজনরা ট্রমা সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোবারক হোসেন কুমিল্লা লাকসাম উপজেলার কোয়ার গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে মোবারক হোসেন পায়ে পোড়া নিয়ে কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউয়ে ট্রমা সেন্টারে ভর্তি হন।

বিকেল ৪টায় পায়ের পোড়া ক্ষত অপারেশনের জন্য হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের ডা. সাফায়েত শাহিন তাকে কক্ষে নিয়ে যান। এরপর ডা. আবদুল হক রোগীকে অজ্ঞান করেন। অপারেশন শেষ হওয়ার পর রাত ৮টা পর্যন্ত দীর্ঘ সময়ে জ্ঞান না ফেরায় রোগীর বড় ভাই বিষয়টি চিকিৎসকদের জানান।

চিকিৎসক এসে দেখেন রোগী মারা গেছেন। মারা যাওয়ার সংবাদে হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সব স্টাফ পালিয়ে যান। এরপর রোগীর স্বজনরা হাসপাতালে অবস্থান নেন।

কোতোয়ালি মডেল থানার ওসি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের সমঝোতায় মারা যাওয়া ব্যক্তিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।