ভোটারবিহীন ও একতরফা নির্বাচনের রেকর্ড গড়েছিল বিএনপিই: কাদের

বিএনপিই ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড গড়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেছেন, সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপিই নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে।

বুধবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারও ওপর নির্ভরশীল নয়, সরকারের হাতিয়ার হচ্ছে দেশের জনগণ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখন জনগণের ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলে, তখন হাসি পায়। স্মৃতিতে ভাসে তাদের আমলের সময়ে সৃষ্ট রেকর্ডের কথা। এ দেশের ইতিহাসে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড গড়েছিল বিএনপিই।

তিনি বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং মাগুরা মার্কা উপনির্বাচনের মধ্য দিয়ে বিএনপি অনিয়মের রেকর্ড সৃষ্টি করেছিল।

সেতুমন্ত্রী বলেন, দেশের নির্বাচন ব্যবস্থায় সবচেয়ে আজ্ঞাবহ ও বিতর্কিত নির্বাচন কমিশন ছিলেন আজিজ কমিশন। যার প্রমাণ ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে প্রহসনের নির্বাচন তারা করতে চেয়েছিল।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, কারও সমালোচনা করার আগে আয়নায় নিজেদের মুখ দেখুন। এ দেশে মানুষের ভোটাধিকার হরণের জনক বিএনপির মুখের কথা মানুষ এখন আর বিশ্বাস করে না।