কক্সবাজারে ইজিবাইক চালকদের সঙ্গে সংঘর্ষে প্যানেল মেয়রসহ আহত ৫

কক্সবাজার শহরে ইজিবাইকের চালকদের সঙ্গে পৌরসভার কর্মচারীদের সংঘর্ষে প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ ৫ জন আহত হয়েছে।

বুধবার দুপুরে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, জেলা ট্রাফিক পুলিশ কক্সবাজার শহরে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ ইজিবাইক আটক করে। এর প্রতিবাদে আজ সকাল থেকে শহরে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয় ইজিবাইক চালক সমিতি। তারা সকাল থেকে শহরে ইজিবাইক আটকের প্রতিবাদে মিছিল বের করে। একপর্যায়ে তারা পৌরসভা কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করে।

তিনি বলেন, পৌরসভা কার্যালয়ে অবস্থানরত প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বিক্ষোভরত ইজিবাইক চালক সমিতির নেতৃবৃন্দকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় চালক সমিতির একটি গ্রুপ পৌর প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি জানান, হামলার ঘটনায় পৌরসভা কার্যালয়ে অবস্থানরত কর্মচারীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ইজিবাইক চালকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে চালক সমিতির নেতা রুহুল কাদের মানিকসহ আরও ৪ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে।  পৌর প্যানেল মেয়রসহ আহতদের জেল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পৌর প্যানেল মেয়র আহত হওয়ার ঘটনার পর পরই শহরে কক্সবাজার পৌর আওয়ামী লীগ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করে এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ ছাড়া কক্সবাজার ব্যবসায়ী সমিতিও পৌর প্যানেল মেয়রের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।