লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন: বিএনপি নেতাদের প্রতি তথ্যমন্ত্রী

নিজে টিকা নেয়ার পর বিএনপি নেতাদের লজ্জা ভেঙে করোনার টিকা নিতে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে তিনি করোনার টিকা নেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান ও ক্লিনিকের সিভিল সার্জন ইলিয়াছ আলী এ সময় উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, প্রথমত, বিএনপির যে নেতারা টিকা নিয়েছেন বা নেওয়ার পক্ষে কথা বলছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। যে দায়িত্বশীল নেতারা এই টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন, তাদের জন্য লজ্জা হচ্ছে। কারণ, তাদের চালানো অপপ্রচারে এটিই প্রমাণ হয় যে তারা সব সময় দেশের মধ্যে গুজব রটনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই অপপ্রচার চালান।

টিকার সফল প্রয়োগ দেখতে পেয়ে বিএনপি নেতাদের এখন খুব লজ্জা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, টিকা নিতে মানুষের এত ব্যাপক উৎসাহ যে সেটিকে সামাল দিতে সরকারকে আরও ব্যাপক প্রস্তুতি ও নানা ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। এতে তাদের চেহারা চুপসে গেছে, লজ্জা হচ্ছে। আমি তাদের বলব, লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন, সরকার সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। বিরোধী দলের যাঁরা আমাদের কড়া সমালোচনা প্রতিদিন করেন, করেছেন টিকা নিয়ে, তাঁদেরও আমরা সুরক্ষা দিতে চাই।

অনেক দেশে টিকার জন্য হাহাকার করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এত বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনায় এটিই প্রমাণিত হয়, সব অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি অত্যন্ত সফল।

টিকা গ্রহণের অনুভূতি জানতে চাইলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি তো ডায়াবেটিক রোগী, প্রতিদিন ইনসুলিন নিতে হয় সকালে। ইনসুলিন নেওয়ার সময় কিছুটা অনুভব হয় যে আমি ইনসুলিন নিচ্ছি। আজকে টিকা নেওয়ার সময় সেটিও অনুভূত হয়নি। এতে মনে হচ্ছে, আমাদের যারা টিকা দিচ্ছে, সেই টিকাদানকারীরা অনেক দক্ষ। আমাকে যে টিকা দিয়ে দিল, আমি বুঝতেই পারি নাই।