নারায়ণগঞ্জে সড়কের আবর্জনা সরাতে আদালতের নির্দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ করায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ) কাউসার আলম এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান দেশ রূপান্তরকে জানান, সদর উপজেলার ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকার মূল সড়কে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশদূষণ হচ্ছে। এ বিষয়টি স্থানীয় সংবাদপত্রে প্রকাশ হলে আদালতের নজরে আসে। আদালত বিষয়টি আমলে নেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৯ ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং ১৫ (১) ধারায় দ-নীয় অপরাধ বলে মনে করেন। ময়লা ফেলার মাধ্যমে কারা এ আইন লঙ্ঘন করছে আদালত তা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে।