রাজধানীর হাতিরঝিল এলাকার একটি মসজিদে ইয়াবার হাতবদলকালে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার নাম আবদুর রহিম (২৫)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই হাজার ইয়াবা বড়ি। ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) উত্তরা বিভাগের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ইয়াবার ব্যাগের হাতবদলের জন্য রহিম নামাজির বেশে হাতিরঝিলের পিয়ারাবাগের একটি মসজিদে প্রবেশ করেন। মসজিদের জুতা রাখার জায়গায় ব্যাগটি রেখে দেন। তারপর সেখান থেকে নামাজিবেশী আরেক ক্রেতাকে সংগ্রহের জন্য সংকেত দিয়ে রাখেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা হাতবদলের আগেই সেটি জব্দ করেন, তবে পালিয়ে যায় ইয়াবা সংগ্রহের জন্য আসা আরেক ব্যবসায়ী।
ডিবির কর্মকর্তা আরও জানান, আবদুর রহিম একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। এর আগেও বিভিন্ন কৌশলে সে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা বহন করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করেছে।