উদ্বোধন হলেও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না ‘সুরক্ষা অ্যাপ’

করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য সুরক্ষা নামে একটি অ্যাপ উদ্বোধন করা হলেও তা পাওয়া যাচ্ছে না গুগল প্লে স্টোরে। 

বৃহস্পতিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই অ্যাপ উদ্বোধনের সময় বলেন, ‘আজকে যে কাজের জন্য আমরা সুন্দরভাবে আয়োজন করলাম... আজকে সুরক্ষা কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

তবে গুগল প্লে স্টারে খুঁজে করোনার টিকা নেয়ার নিবন্ধনের কোনো অ্যাপ পাওয়া যায়নি। 

এ সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনা‌ইদ আহ্‌মেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডর সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশনের পরিচালক ও মিডিয়া সেলের সদস্য ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘নিবন্ধন অ্যাপ চালু হয়েছে।’

সুরক্ষা অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না জানালে তিনি বলেন, ‘এই বিষয়টি আমি জানি না, আইসিটি বিভাগ বলতে পারবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও মন্ত্রীর সুরক্ষা অ্যাপ উদ্বোধনের কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাপ উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই অ্যাপটি হচ্ছে পেপারলেস একটি অনলাইন কার্যক্রম। এখানে কাগজ-কলমের কোনো প্রয়োজন হয় না। অ্যাপটি ব্যবহার করে মানুষের আরও বেশি উপকার হবে।’

তবে ওয়েবসাইটে নিবন্ধন করে করোনার টিকা নিচেছন নাগরিকরা।