ঢাবি প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ মার্চ থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া ৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত। পাঁচটি ইউনিটের অধীনে এই পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে প্রথম বর্ষে ভর্তিবিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, ২২ মে কলা অনুষদভুক্ত খ ইউনিট, ২৭ মে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিট, ২৮ মে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট ও ৫ জুন চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বহুনির্বাচনী ও লিখিত উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় থাকবে। তবে চ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষার জন্য ৩০ মিনিট আর লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদন করতে হলে ক ও গ ইউনিটে জিপিএ ৩ দশমিক ৫, খ ও ঘ ইউনিটে জিপিএ ৩ এবং চ ইউনিটে জিপিএ ৩ থাকতে হবে। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া ৮ মার্চ বিকেল চারটা থেকে শুরু হবে এবং ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অব্যাহত থাকবে। টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১ এপ্রিল রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে।

মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।

ভর্তিবিষয়ক বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd/) এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

ভর্তি কমিটির আজকের সভায় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান, অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান, ইনস্টিটিউটগুলোর পরিচালক, রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।