মামুনুলের বিরুদ্ধে ফেইসবুক পোস্ট দেওয়ায় যুবককে পিটিয়ে গলায় জুতার মালা

ফরিদপুরের বোয়ালমারীতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেওয়ায় এক যুবককে পিটিয়ে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে বোয়ালমারী থানা পুলিশ বুধবার রাতে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় ১০ জনকে আসামি করে বোয়ালমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই যুবকের বাবা বৃহস্পতিবার দুপুরে মামলা করেন।

জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের এক যুবক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বুধবার বিকেল সাড়ে ৪টায় একটি মন্তব্য পোস্ট করেন। এতে ক্ষুব্ধ হয়ে মামুনুলের অনুসারীরা তাকে পিটিয়ে আহত করে জুতার মালা গলায় পরিয়ে তাকে রাস্তায় ঘোরায়। এরপর তাকে আটকে রাখে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ বুধবার সন্ধ্যায় রিয়াজুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার (২০), হবিবর রহমানের ছেলে সজীব মিয়া (২৫) এবং নুরু শেখের ছেলে আজিজুল শেখকে (২২) বুধবার রাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় ১০ জনকে আসামি করে বোয়ালমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই যুবকের বাবা বৃহস্পতিবার দুপুরে মামলা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম বলেন, মামুনুল হকের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট করায় ওই যুবককে পিটিয়ে গলায় জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।