সেরেনার স্বপ্ন ভেঙে ফাইনালে ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস।

বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে যুক্তরাষ্ট্রের এই তারকাকে সরাসরি সেটে হারিয়ে দেন জাপানের নওমি ওসাকার। এই হারের ফলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো সেরেনার।

সেরেনাকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ওসাকা। আগের তিনবারই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা জিতেছিলেন তিনি। একবার অস্ট্রেলিয়ান ওপেনে, দুবার শিরোপা জেতেন ইউএস ওপেনে।

মার্গারেটকে স্পর্শ করার স্বপ্ন নিয়েই এবারের আসরে যাত্রা শুরু করেছিলেন সেরেনা। দুর্দান্ত খেলছিলেন শুরু থেকে। ২০১৭ সালে সর্বশেষ কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ৩৯ বছর বয়সী সেরেনা। সেটি ছিল অস্ট্রেলিয়ান ওপেনের। এরপর মাতৃত্বকালীন ছুটি কাটান তিনি।

সেখান থেকে ফিরে ১১টি গ্র্যান্ড স্ল্যামে অংশ নেন সেরেনা। চারবার দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও, ট্রফি ছুঁতে পারেননি।

অন্য সেমিতে ২৫তম বাছাই চেক রিপাবলিকের কারোলিনা মুচোভাকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন জেনিফার ব্র্যাডি।

শনিবার ফাইনালে ব্র্যাডির মুখোমুখি হবেন ওসাকা। ২০২০ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে ব্র্যাডিকে হারিয়েছিলেন ওসাকা।