নিয়ম মেনে আনিস ও হারিছ আহমেদের সাজা মওকুফ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ম মেনেই আনিস আহমেদ ও হারিছ আহমেদের সাজা মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মগবাজারে এক অনুষ্ঠানে যোগদানের পর বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, আইন অনুযায়ী যে দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার সুযোগ রয়েছে, তা আইনজ্ঞরাও বলেছেন। যথাযথ প্রক্রিয়ার মাধ্যেমেই হারিছ ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে গোপনের কিছু নেই।

পুলিশের ওয়ান্টেড তালিকায় হারিছ আহমেদের নাম থেকে যাওয়ার বিষয়ে তিনি বলেন যে কমিউনিকেশন গ্যাপের কারণে হারিছের নাম ও ছবি তালিকাভুক্ত রয়েছে।

জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদ ও হারিছ আহমেদকে নিয়ে সম্প্রতি আল-জাজিরায় এক প্রতিবেদন প্রকাশের পর সেনাবাহিনী জানিয়েছিলো যে সেনাপ্রধানের ভাইয়েরা আগেই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন।

তারা দু'জনেই হত্যা মামলার আসামি ছিলেন। আল জাজিরা তাদের প্রতিবেদনে ওই দু'জনকে পলাতক হিসেবে উল্লেখ করেছিলো।

এ বিষয়ে মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকায় আর্মি অ্যাভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোন সাজা ছিল, না তার বিরুদ্ধে কোন মামলা ছিল। তার আগেই যে মামলাটি ছিল তা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

পরে বাংলাদেশের গণমাধ্যমে খবর বেরোয় যে ২০১৯ সালের মার্চে তাদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি করেছিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদিও এতোদিন তা প্রকাশ্যে আসেনি।

'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শীর্ষক আল জাজিরার প্রতিবেদনটি সম্প্রচারের পর থেকে এ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। হাইকোর্ট অনলাইন থেকে ওই প্রতিবেদন সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দেয়।

খবর: বিবিসি বাংলা।