বামবায় নতুন ২৭ ব্যান্ডদল

দেশের ব্যান্ড সংগীতের একমাত্র সংগঠন বামবা সম্প্রতি নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের আওতায় বামবায় নতুন করে ২৭টি ব্যান্ডদলকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বছরের ১৩ জানুয়ারি সারা দেশের ব্যান্ডদলগুলোর মধ্য থেকে নতুন সদস্য ব্যান্ডদল অন্তর্ভুক্তির আমন্ত্রণ জানায় বামবা। এই আমন্ত্রণে ব্যাপক সাড়া আসে। সারা দেশ থেকে শতাধিক জনপ্রিয়, উঠতি এবং নতুন ব্যান্ড সদস্যের অন্তর্ভুক্তির আবেদন করে। সেখান থেকে যাচাই বাছাই ও অডিশনের মাধ্যমে ২৭টি ব্যান্ডদলকে অন্তর্ভুক্ত করল দেশের ব্যান্ডসংগীতের একমাত্র এই সংগঠনটি। গত ৭ ফেব্রুয়ারি যমুনা ফিউচার পার্কের ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’ প্রাঙ্গণে আড়ম্বর এক অডিশনের মাধ্যমে নতুন সদস্য বাছাইপর্ব চালায় সংগঠনটি। সেখানে অংশ নেয় সারা দেশ থেকে আসা শতাধিক নিবন্ধন করা ব্যান্ডদলের মধ্যে ২১টি ব্যান্ডদল। এই অডিশন পর্বের নাম দেওয়া হয় ‘ইয়ামাহা-বামবা জ্যাম সেশন’। এই অডিশন পর্ব থেকে যাচাই বাছাই করে বেশ কিছু নতুন ব্যান্ডদল নেওয়া হয়। বামবায় নতুন অন্তর্ভুক্ত হওয়া দলগুলো হচ্ছে আর্ক, অ্যাশেজ, অ্যাবাউট ডার্ক, বে অব বেঙ্গল, ব্যান্ড চাতক, কঙ্কলুশন, ক্রাঞ্চ, এলিটা অ্যালাইভ, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস (এফঅ্যান্ডএফ), হার্টস রিলেশন ব্যান্ড, ইন্দালো, জলের গান, মরুভূমি, মেট্রিক্যাল, নাটাই, ওন্ড, অবলিক, পরাহো, পার্থিবো, শহরতলী, স্পন্দন, শুভযাত্রা, সিন, থ্র্যাশ, তরুণ ব্যান্ড, তীরন্দাজ ও উন্মাদ। গত বুধবার বামবার অফিশিয়াল ফেইসবুক পেজে নতুন সদস্য হওয়া ব্যান্ডদলগুলোর নাম প্রকাশ করা হয়েছে।