ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা প্রতীকের কার্যালয়ে ককটেল হামলা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবীরের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পৌর শহরের দক্ষিণ মৌড়াইল ডাকবাংলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন বলেন, আমরা ধারণা করছি নৌকার প্রতীকের বিরুদ্ধে যারা নির্বাচন করছে তাদের সমর্থকরা এ হামলা চালিয়েছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২ নম্বর ফাঁড়ির এসআই আবদুল মোত্তালিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নির্বাচনী কার্যালয়ে একটি ককটেল বিস্ফোরিত অবস্থায় ও সড়ক থেকে অন্য একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।