রূপগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রতিবেশীর জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের নারীসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চারিতালুক এলাকার মোশারফ হোসেনের সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আর ওই জমি নিয়ে উভয়পক্ষ নারায়ণগঞ্জ আদালতে মামলাও করেছে। গতকাল সকালে ওই ৯ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে মোশারফ হোসেন ও বকুল মিয়ার বাগ্বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের মোশারফ হোসেন, মানসুরা বেগম, জাহানারা বেগম, মাহমুদা বেগম, সোহেলা মিয়া ও সোহান মিয়া আহত হন। মোশারফ ও জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা অর্থোপেডিকস হাসপাতালে ভর্তি করা হয়েছে।