অপারেশন সুন্দরবনে কী খুঁজছেন দীপন

দীপংকর দীপন পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। শুটিং শেষের খবর দিয়েছিলেন আগে, এখন চলছে পোস্ট প্রডাকশন।

সেই অগ্রগতির খবর জানালেন নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, ড্রোন শটে তোলা হয়েছে নদীর দৃশ্য। জাহাজ ঘিরে চক্কর দিচ্ছে স্পিডবোট। রঙের ভিন্ন ভিন্ন বিন্যাস চোখে পড়ছে।

বড়পর্দায় ফুটে ওঠা সেই দৃশ্যের দিকে তাকিয়ে আছেন দীপন। যেন জুতসই কিছু খুঁজছেন নির্মাতা। নির্মাণে পুরোপুরি সন্তুষ্ট হতে চান তিনি।

ক্যাপশনে লেখেন, “অপারেশন সুন্দরবনের পোস্ট প্রডাকশন। টিজার আসছে এই মাসেই। তারিখ জানাবেন প্রযোজনা সংস্থা।”

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কীভাবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে, সেই গল্প তুলে ধরা হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’-এর মাধ্যমে।

দেশপ্রেম, রোমাঞ্চ, রহস্য, সাহস, দীর্ঘদিনের অপরাধের শেকড় উন্মোচন, অপরিসীম প্রতিকূল এবং রহস্যে ঘেরা বনভূমি সুন্দরবন নিয়ে নির্মিত চলচ্চিত্র এ ছবি। প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

মুন্সিগঞ্জ, খুলনা, সাতক্ষীরার একাধিক লোকেশনে ছবির শুটিং হয়েছে। এর মধ্যে আছে সুন্দরবনের দুবলার চর, কটকা, কালিকা চর, পুটনীচর ও মোংলা।

‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া. রিয়াজ আহমেদ, জিয়াউল রোশান, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান ও মনোজ প্রামাণিক।

গত বছর ঈদুল আজহায় মুক্তির কথা ছিল ‘অপারেশন সুন্দরবন’-এর। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। শোনা যাচ্ছে, আগামী ২৬ মার্চ পর্দায় আসবে ছবিটি।