টেক্সাসের গবেষণাগারে চুয়েটের সহকারী অধ্যাপকের ঝুলন্ত মরদেহ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক অভিজিৎ হীরার (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার গণমাধ্যমকে অভিজিৎ হীরার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চুয়েটের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. আজাদ হোসাইন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তাঁর মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা। তিনি যুক্তরাষ্ট্রের মারকেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডির গবেষণায় নিয়োজিত ছিলেন।

নিহত অভিজিৎ হীরা চুয়েটের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি পিএইচডি করতে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে যান বলে সহকর্মীরা জানান।

চুয়েটে অভিজিৎ হীরার সহকর্মী ও সহকারী অধ্যাপক নুরসাদুল মামুন পিএইচডি করার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে আছেন। তিনি জানান, অভিজিৎ আবহাওয়ার কারণে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই অবস্থান করতে বাধ্য হয়। এখন তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মারকেট বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েব পোর্টালে অভিজিতের মৃত্যুসংবাদকে ‘অপ্রত্যাশিত’ বলা হয়েছে। গবেষণাগারে মরদেহের পাশে নিহতের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও পাসওয়ার্ড, দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ এবং এগুলো পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আবেদনের চিরকুট পাওয়া যায়।

অভিজিৎ হীরার মৃত্যুতে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চুয়েট শিক্ষক সমিতি পৃথক শোক বার্তা দিয়েছে।