এপ্রিলে আসছে সুশান্তের বায়োপিক

অকাল প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা। নাম 'ন্যায়: দ্য জাস্টিস'। দিলীপ গুলাটি পরিচালিত এই ছবির শুটিং শেষ হয়েছ বলে জানা গেছে।  ছবিটি এপ্রিলে মুক্তি পাবে বলে পরিচালকের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে ইতিমধ্যেই এই ছবির মুক্তি আটকাতে সুশান্ত অনুরাগী মণীশ মিশ্র তথা সমাজকর্মী বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। সেই মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি পৃথ্বীরাজ চৌহান।

এই ছবিতে সুশান্তের চরিত্রে অভিনয়ে দেখা যাবে টেলি তারকা জুবের খানকে। অন্যদিকে, রিয়া চক্রবর্তীর চরিত্রে দেখা যাবে শ্রেয়া শুক্লাকে। প্রযোজনায় রয়েছেন রাহুল শর্মা ও সরলা সারৌগি।

ছবিটি প্রসঙ্গে রকা জুবের খান বলেন, 'ন্যায়: দ্য জাস্টিস' ছবিতে রিয়া ও সুশান্তের প্রেমের সম্পর্ক তুলে ধরা হয়েছে। এই ছবির তাদের ন্যায়ের বিষয়টিকে তুলে ধরবে। যদিও সুশান্ত মৃত্যুর তদন্ত মামলা এখনও জারি রয়েছে তাই সেক্ষেত্রে এর রায় চিত্রনাট্যে রাখা হয়নি।

জুবের আরও জানান, তার সঙ্গে সুশান্তের সম্পর্ক ভাল ছিল তাই তার চরিত্র ফুটিয়ে তুলতে অসুবিধে হবে না তার। তবে এর আগেও সুশান্ত সিং রাজপুতের জীবনী নিয়ে ছবি বানানোর প্রসঙ্গে তার পরিবারের পক্ষ থেকে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছিল। তবে এই ছবির ক্ষেত্রে সেই অনুমতি নেওয়া হয়েছে কিনা জানানো হয়নি।