১০ ওভারের লিজেন্ডস কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। সেমিফাইনাল নিশ্চিত করেছে দুর্জয়ের নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, পাইলটের একমি স্ট্রাইকার্স, সুজনের এক্সপো রেইডার্স ও সুমনের জেমকন টাইটান্স। ৬ দলের টুর্নামেন্ট থেকে আকরাম খানের জাদুবে স্টার্স ও মিনহাজুল আবেদিন নান্নুর বৈশাখী বেঙ্গলস বাদ পড়েছে। শুক্রবার জাদুবের বিপক্ষে ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন এক্সপো রেইডার্স অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। কক্সবাজারে টুর্নামেন্টের দ্বিতীয় দিন বল হাতে সুজন ২ ওভারে ৮ রানে ২ উইকেট নেন। পেস ও স্পিন দুই ধরনের বলই করেছেন। আর ব্যাট হাতে ওপেন করে ১৪৪ স্ট্রাইকরেটে ৯ বলে করেন ১৩ রান। রেইডার্স ৫৫ রানে হারায় জাদুবে স্টার্সকে। দিনের দ্বিতীয় ম্যাচেও হেরেছে জাদুবে স্টার্স। তাদের সঙ্গে ৪৯ রানে জয় পায় জেমকন টাইটান্স। সেমিফাইনাল নিশ্চিতের জন্য মাঠে নামে বৈশাখী বেঙ্গলস ও নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স। শেষ বলে জয় পায় নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স। তার আগে নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স ৪ উইকেটে হারিয়েছে জেমকন টাইটান্সকে। তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখে একমি স্ট্রাইকার্স। তাদের বিপক্ষে ২৮ রানের জয় পায় এক্সপো রেইডার্স।