গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধনে বক্তারা

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিল করতে হবে

শ্রম আইনের বিভিন্ন ধারাকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে সেগুলো বাতিলের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। শ্রমিক হয়রানি ও নির্যাতনমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও কনভেনশন অনুস্বাক্ষরেরও দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন দিয়েছিল তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ শ্রমজীবী মানুষ। ২০১৩ এবং ২০১৮ সালে শ্রম আইন সংশোধন করা হয়েছে। কিন্তু প্রতিবারই শ্রমজীবী মানুষ প্রতারিত হয়েছে, তাদের অধিকার আরও সংকুচিত হয়েছে।শ্রমিকদের চাকরি অবসানকালীন সুবিধা যাতে মালিকরা আত্মসাৎ করতে পারে শ্রম আইনের ছত্রে ছত্রে সেই সুযোগ করে দেওয়া হয়েছে। কর্মস্থলে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুতে নির্ধারিত ক্ষতিপূরণের পরিমাণ শ্রমিকদের সঙ্গে উপহাসের নামান্তর। মালিকদের স্বার্থরক্ষায় আইএলও কনভেনশন অনুসারে শ্রমিকের মানসম্মত জীবনধারণের অধিকার, স্বাধীনভাবে সংগঠিত হওয়া ও দরকষাকষির অধিকারের স্বীকৃতি দেয়নি।’ আইনটির ২৩, ২৬, ২৭ (৩ক), ১৭৯ (২.৫), ১৮০ (১খ), ২৩২(৩) নং ধারাসহ শ্রমিক স্বার্থবিরোধী ধারাগুলো বাতিলের জানান তিনি।