হয়ে গেল ফারিয়ার বাগদান

মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিনের বাগদান সম্পন্ন হলো। তার বর মাহফুজ রায়ান একটি কুরিয়ার সার্ভিসে কাজ করছেন বলে জানা গেছে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুক্রবার রাতে ফারিয়া ও মাহফুজ পরস্পরের আঙুলে আংটি পরিয়ে দেন। পাশে ছিলেন স্বজনেরা।

সেই রাতে ফেইসবুকে আংটি বদলের ছবি পোস্ট করেন ফারিয়া। ক্যাপশনে লেখেন, “আলহামদুলিল্লাহ বাগদান সম্পন্ন, সবাই দোয়া করবেন।”

বিশেষ এ দিনে পোশাকের থিম হিসেবে ধূসর রং বেছে নেন ফারিয়া। তাকে সাজিয়েছেন জাহিদ খান।

অভিনেত্রী জানান, কখনোই বিচ্ছেদ নয়, সারাজীবন একসঙ্গে থাকার প্রত্যাশা নিয়েই পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বছরের শুরুতে বাগদান হলেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বছরের শেষের দিকে।

ফারিয়া ও মাহফুজের সম্পর্ক চার বছরের। অনেকটা সময় নিয়েই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ফারিয়া শাহরিন মালয়েশিয়া থেকে উচ্চতর পড়াশোনা শেষ করে কিছুদিন আগেই স্থায়ীভাবে দেশে ফিরেছেন। ফিরেই ‘কাশ্মীরি প্রেমিকা’ নামের একটি নাটকে কাজ করে বেশ আলোচিত হন। সম্প্রতি জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্টে’-এর তৃতীয় সিজনে যোগ দিয়েই ভালো সাড়া পেয়েছেন।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয় পরিচিতি। অভিনয় করেন সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কত দূরে’ নামের চলচ্চিত্রে।