প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার

জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক এক ছাত্রী (১৪) কে ধর্ষণের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর ভারত সীমান্ত জিরো পয়েন্ট ল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন ওরফে টুটুল (৪৮) ওই এলাকার বজলার মাস্টারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক এক ছাত্রী বাড়ির পাশে সুপারি বাগানে গিয়েছিল। টুটুলের বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই বুদ্ধি প্রতিবন্ধীকে ফুসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে মেয়েটি বাড়িতে এসে ধর্ষণের বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর সন্ধ্যার পর ওই বুদ্ধি প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ভারতে পালিয়ে যাওয়ার সময় রাতে রামভদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে টুটুলকে গ্রেপ্তার করা হয় এবং ওই মেয়েটিকে মেডিকেলের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়েছে।