রাজধানীর দারুস সালাম থানার চাঞ্চল্যকর মো. আক্তার হোসেন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম।
শুক্রবার রাতে ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবদুল বাকের খান, মো. আবদুর রব ও মো. আবুল হাসেম।
শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, ভিকটিম এবং গ্রেপ্তারকৃতরা একই মহল্লায় বসবাস করার সুবাদে পূর্ব পরিচিত ছিল। ঘটনার প্রায় তিন মাস পূর্বে পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে তারা বসবাস করতো। গ্রেপ্তারকৃতরা কয়েকদিন আগে বাসা পরিবর্তন করে অন্যত্র চলে যায়।
তারা মাঝে মাঝে ভিকটিমের বাসায় আসা যাওয়া করতো। ঘটনার প্রায় এক মাস আগে গ্রেপ্তার বাকের খান আক্তারের রুম থেকে ২০ হাজার টাকা চুরি করে। পরবর্তী সময়ে গ্রেপ্তারকৃতদের ধারণা হয় তার বাসায় অনেক টাকা পয়সা থাকতে পারে।
হাফিজ আক্তার বলেন, ওই ধারণার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতরা আক্তারকে হত্যা করে তার টাকা-পয়সা নিয়ে নেওয়ার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা তাকে হত্যা করে।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি আক্তারের ভাড়া বাসার কক্ষে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে হাত-পা বেঁধে গলা, মুখমণ্ডল ও মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে। এরপর রুমের দরজা বাইর থেকে লাগিয়ে সু-কৌশলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা রুজু হয়।