১০০ দিনের অগ্রাধিকার কর্মসূচির সূচনা মেয়র রেজাউলের

মশক নিধন ও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের ১০০ দিনের কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

শনিবার সকালে নগরীর চান্দগাঁও ওয়ার্ডের নতুন থানা চত্বরে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচির সূচনা করেন।

এ সময় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, নগরবাসীর প্রত্যক্ষ ভোটে মেয়র পদে পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও এই সময়ের মধ্যে সবার শতভাগ আকাঙ্খা ও চাহিদা পূরণ কখনো সম্ভব নয়। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে অধিকতর জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে ১০০ দিনের মধ্যে সেগুলো ধাপে ধাপে সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব ও নাগরিক স্বিস্ত প্রদানে আমার সামর্থ্য ও সিটি করপোরেশনের সক্ষমতা উজাড় করে দিতে দৃঢ়প্রত্যয়ী। 

এই কার্যক্রমে মশকনিধন ও পরিচ্ছন্নতাকে প্রথম অগ্রাধিকার দিয়ে উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়ে মেয়র বলেন, মশার বিস্তার নাগরিক দুর্ভোগ ও অস্বিস্তর বড় অসহনীয় উপসর্গ। তাই তা নিরসনে প্রথম ২০ দিনের মধ্যে সময় বেঁধে দিয়ে নগরীর ৪১টি ওয়ার্ডকে কয়েকটি জোনে ভাগ করে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

মশকনিধনে সিটি করপোরেশনগুলো যে ওষুধ ছিটায়, সেগুলোর মান নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে নতুন মেয়র আরও বলেন, মশার এই ওষুধের মান নির্ণয়ে ঢাকায় ল্যাবে পাঠিয়ে যাচাই-বাছাই করা হবে। তা ছাড়া নগরীর অনেক সড়ক যান ও জনচলাচল অনুপযোগী। এগুলো একসঙ্গে সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। যেগুলোর বেশি বেহাল অবস্থা, সেগুলো আগেভাগে মেরামত ও খানাখন্দক ভরাট করা হবে।