২ ক্লাবের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ

বিপিএলের ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে ফুটবল ফেডারেশন, যা নিয়ে তদন্তও শুরু করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ক্লাব দুটির ৫টি ম্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করে খোদ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ বিষয়ে বলেছেন, ‘এ নিয়ে গত বেশকিছু দিন ধরেই আমরা কাজ করছি। আরামবাগ ও ব্রাদার্সের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ থাকায়, সেই বিষয়ে আমরা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। তাদের কাছে কিছু উত্তর পেয়েছি এবং আরও সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে তাদের কাছে আরও ব্যাখ্যা চাওয়া হয়েছে।’