নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কিরের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ  সমাবেশ করেছেন জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

রবিবার দুপুর ১২টায় নোয়াখালী প্রেস ক্লাব, কোম্পানীগঞ্জ উপজেলা ও চাটখিল উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা খুনের সঙ্গে জড়িত সব আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লাশ নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে তার হুঁশিয়ারি দেন।  অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফুয়াদ হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা রাজনৈতিক সহিংসতার বলি হওয়া এই তরুণ সংবাদকর্মীর নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এসে শেষ হয়।

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক  বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সমাবেশ করেছে চাটখিল উপজেলার সাংবাদিকরা।

চাটখিল পৌর শহরের প্রধান সড়কে সোমবার দুপুরে অনুষ্ঠিত চাটখিল উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব, সাংবাদিক ইয়াছিন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট পূর্ববাজার এলাকায় দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে সংঘর্ষের চিত্রধারণের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে মুজাক্কিরের মৃত্যু হয়।