রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নগরীর মতিহার থানা পুলিশ।
রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা সংলগ্ন লোটাস ছাত্রাবাস থেকে সাক্ষর সাহা নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন।
স্বাক্ষর সাহা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম সিরিজের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুরের সদর উপজেলায়।
সহপাঠীরা জানান, রাত ৩টার দিকে তারা একসঙ্গে আড্ডা দেন। সকালে সবাই একসঙ্গে খেলতে বেরোবেন এই আলোচনা করে রাত ৩টার পর যে যার মতো ঘুমাতে যান।
সকাল ১১টার দিকে খেলতে যাওয়ার জন্য মেসের সহপাঠীরা স্বাক্ষরকে ডাকাডাকি করেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরও তিনি সাড়া না দেওয়ায় রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বাক্ষরকে বিছানায় ‘অস্বাভাবিকভাবে’ পড়ে থাকতে দেখেন।
পরে স্বাক্ষরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এসআই ইমরান হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।